কুষ্টিয়া, রাঙ্গুনিয়া ও চকরিয়া পৌরসভা নির্বাচন

আগাম প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:২৯

কুষ্টিয়া, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আগাম প্রচারে মাঠে নেমেছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় টিকিট পেতে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। আওয়ামী লীগের ছয় জন প্রার্থী মনোনয়ন লাভে জোর তত্পরতা চালিয়ে যাচ্ছেন। বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থীরাও দল গুছিয়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। জানা গেছে, আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেতে বর্তমান মেয়র আনোয়ার আলী এবারও জোর চেষ্টা চালাচ্ছেন। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু এবং জেলা আওয়ামী লীগ নেতা ও বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার এ এফ এম আমিনুল হক রতন মেয়র পদে দলীয় মনোনয়ন লাভে গণসংযোগে রয়েছেন মাঠে। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ ও সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ। উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কুষ্টিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মো. শাহজাহান সিকদার। তবে বর্তমান মেয়রের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুও মাঠে নেমেছেন দলীয় মনোনয়ন পেতে। এর বাইরে পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন খান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর মুন্সি আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, পৌরসভা বিএনপির (একাংশ) যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহ্ প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, বড় দল হওয়ায় অনেক যোগ্য প্রার্থী রয়েছে। উল্লেখ্য, তৃতীয় ধাপে ২০২১ সালের জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

চকরিয়া (কক্সবাজার) : আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের পাঁচ জন নেতা এবার মেয়র পদে নৌকার কান্ডারি হতে নির্বাচনের মাঠে বেশ তত্পর রয়েছেন। চকরিয়া পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী বাছাইয়ে আলাদাভাবে প্রস্তুতি সভা করেছে উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগ। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভায় প্রস্তাব করা মেয়র প্রার্থীরা হলেন, চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি ওয়ালিদ মিল্টন। মেয়র পদে আরো দুই জনের নাম প্রস্তাব আসে, তারা হলেন—পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল। প্রসঙ্গত:তৃতীয় ধাপে চকরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।