বড়াইগ্রামে মাহমুদা খাতুন মুন্নী নামে সাত বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা মামলায় সোহেল সরকারকে আজীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
বৃহস্পতিবার নাটোরের দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহমান সরদার এই আদেশ দেন। সোহেল উপজেলা উপলশহর গ্রামের মৃত শাহজাহান সরকার ওরফে হাইচার ছেলে ও নিহত শিশুর চাচাতো ভাই। মামলায় সোহেলের মা সাজেদা বেওয়াকে খালাস দেওয়া হয়েছে। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২০ ডিসেম্বর দুপুরে মুন্নীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।
