পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পঞ্চগড় :বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শোভা আক্তার (৫)। সে তেঁতুলিয়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সফিজুল ইসলামের মেয়ে। অপরদিকে ঘন কুয়াশার কারণে সকালে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামনগর এলাকায় ট্রাক ও দূরপাল্লার একতা এন্টার প্রাইজের মুখোমুখি সংঘর্ষে বাস উলটে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকচালকসহ বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) :কালীগঞ্জের পাতিবিলায় বৃহস্পতিবার ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। নিহতের নাম মিরাজ (২৩)। সে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ভ্যানচালক রজব আলীর ছেলে।

দুমকি (পটুয়াখালী) :দুমকিতে বুধবার সন্ধ্যায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজান (৩৫)। উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার এস আই মো. কামরুল ইসলাম জানান, ট্রলি চালককে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বধলায় বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ২০

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান,  পূর্বধলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার জালশুকা পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।