বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

প্রতিবাদ ও বিক্ষোভে সমাবেশ অব্যাহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল। এ সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ :জেলা শহরের শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার মো. আসাদউল্লাহ, বাশিরউদ্দিন ফারুকী, ভূপাল নন্দী প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাছাড়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে।

নড়াইল : সকালে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযোদ্ধারা আলাদা আলাদা কর্মসূচি পালন করে। নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং মুক্তিযোদ্ধারা এ মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট  নজরুল ইসলাম প্রমুখ।

গোপালগঞ্জ : শহরের শেখ রাসেল শিশুপার্ক হতে সকালে জেলা স্বোচ্ছাসেবক লীগের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গিতে এসে শেষ হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

সালথা (ফরিদপুর) : সকাল ১০টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।

ডিমলা (নীলফামারী) :উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এইচ এম ফিরোজ, শাজাহান, আকতারুল ইসলাম প্রমুখ।