খেলাধুলা যে কোনো বয়সের মানুষের বিনোদনের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম উত্স। বিশেষ করে শিশু-কিশোরদের বাড়ন্ত শরীর ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমোন্নতিতে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার খেলাগুলো। উন্নত যাতায়াতব্যবস্থা, আকাশসংস্কৃতির প্রভাব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উত্কর্ষে গ্রামগুলো ক্রমশ শহরের পরিবেশ পাচ্ছে। পরিবর্তিত জীবনযাপনের ধকলে এর মধ্যে হারিয়ে গেছে অনেক খেলা। বাকিগুলোও ধীরে ধীরে সেই দিকেই আগাচ্ছে। হাডুডু, ওপেনটি বাইস্কোপ, প্রজাপতি উড়ে যা, কানামাছি ভোঁ ভোঁ, ইচিং বিচিং চিচিং চা, গোল্লাছুট, ঘুড়ি ওড়ানো, কুঁতকুঁত, মোরগ লড়াই, সাত চারা, দাঁড়িয়াবান্ধা ইত্যাদিসহ আরো অনেক খেলা বহুকাল আগে থেকেই বাংলার শিশু-কিশোরদের প্রিয়। এসব খেলা তাদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি নির্ভেজাল আনন্দের উত্স। জীবনে একতার গুরুত্ব শেখাতে খেলাগুলোর ভূমিকা অনেক। কিন্তু আকাশসংস্কৃতির আগ্রাসন, মোবাইলফোন ও ভিডিও গেমে মাত্রাতিরিক্ত আসক্তি, খেলার মাঠের অপর্যাপ্ততা শিশু-কিশোরদের এসব খেলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ফলে শারীরিক ও মানসিক বিকাশ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি হারিয়ে যাচ্ছে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা। তাই এসব খেলার অস্তিত্ব রক্ষায় শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবার মনোযোগী হওয়া উচিত।
আবু ফারুক
বনরুপা পাড়া, সদর, বান্দরবান
