দুই মাদ্রিদের স্বস্তির রাত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:৪৬

ইউরোপা নয়, চ্যাম্পিয়ন্স লিগেই থাকছে দুই মাদ্রিদ। প্রতিপক্ষকে কোনো অঘটনের সুযোগ না দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় নিয়ে শেষ ষোলোয় পা রাখল রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ওদিকে, গ্রুপ পর্বের অলিখিত নক-আউটে আয়াক্সকে হারিয়েছে আটালান্টা। দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি।

মাত্র এক সপ্তাহ আগেই উঠছিল ম্যানেজার জিনেদিন জিদানের পদত্যাগের দাবি। এক সপ্তাহ পর নিন্দুকদের মুখে কুলুপ এটে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল জিদানের দল। ডি স্টেফানো স্টেডিয়ামে করিম বেনজেমার জোড়া গোলে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে ২-০ গোলে পরাজিত করেছে ১৩ বারের চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো ইউরোপা লিগে নেমে যাওয়ার শঙ্কা চোখ রাঙানি দিচ্ছিল দলকে। সেটা দূরে ঠেলে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করা রামোসদের প্রশংসায় পঞ্চমুখ ম্যানেজার জিদান, ‘আমরা দুর্দান্ত খেলেছি, একদম প্রথম মিনিট থেকেই। আমার ধারণা এটা এ মৌসুমে আমাদের সবচেয়ে সেরা পারফরম্যান্স।’

শাখটার ডনেটস্ক ও ইন্টারমিলানের মধ্যকার এই গ্রুপের অন্য ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও ‘বি’ গ্রুপের অপর দল হিসেবে নক-আউট পর্ব নিশ্চিত করেছে গ্ল্যাডবাখ। ১৯৭৭-৭৮মৌসুমে শেষবার নক-আউট পর্বে খেলেছিল তত্কালীন ‘পশ্চিম জার্মানির’ এই দলটি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের মতোই শঙ্কা নিয়ে অস্ট্রিয়ার রেডবুল এরিনায় পা রাখা অ্যাটলেটিকো মাদ্রিদও জয় নিয়েই নিশ্চিত করেছে শেষ ষোলো। রেডবুল সালসবুর্গের বিপক্ষে ওবলাকদের জয়ের ব্যবধানও ছিল ২-০। প্রথমার্ধে ইয়ানিক কারাসকোর ফ্রিকিকে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডিফেন্ডার মারিও এরমোসো। দ্বিতীয়ার্ধের শেষদিকে বদলি খেলোয়াড় আনহেল কোরেয়ার ক্রস থেকে গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেন সেই কারাসকোই। এই বেলজিয়ান তারকার দুর্দান্ত পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখের পর ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো।

‘ডি’ গ্রুপের অলিখিত নক-আউট ম্যাচে আয়াক্সকে ১-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো নক-আউট পর্ব নিশ্চিত করেছে আটালান্টা। এই গ্রুপে নিয়ম রক্ষার ম্যাচে মিটজিল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। দলের একমাত্র গোলটি করে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ অতিক্রম করে গেছেন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের চ্যাম্পিয়ন্স লিগ গোলসংখ্যাকে। ২২ গোল নিয়ে সালাহ এখন চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলের মালিক। ‘সি’ গ্রুপে নিয়ম রক্ষার ম্যাচে মার্সেইকে ৩-০ গোলে পরাজিত করেছে ম্যান সিটি।