ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় জয়ে নিউজিল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেন উইলিয়ামসন। আগের ম্যাচেই ক্যারিয়ার-সেরা রানের দেখা পাওয়া নিউজিল্যান্ড অধিনায়ক থাকছেন না ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। সন্তান-সম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটি নিয়েছেন তিনি। তাকে ছাড়াই আজ ভোরে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। বোর্ডের এক ভিডিওবার্তায় ব্যাপারটি জানান কোচ গ্যারি স্টিড। তিনি আরো জানান, উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়ক হবেন টম ল্যাথাম। তবে অধিনায়কত্বের অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয় ল্যাথামের। অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল জানুয়ারিতে একমাত্র অধিনায়কত্ব করা ম্যাচে হেরেছিলেন ২৭৯ রানে। আজ শুক্রবার ভোরে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হয়েছে। এর আগে কোচ স্টিড আরো জানান, উইলিয়ামসনের ছেড়ে যাওয়া তিন নম্বর জায়গাটিতে অভিষেক হবে উইল ইয়াংয়ের। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদেরকে ইনিংস ও ১৩৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে ব্ল্যাকক্যাপরা। আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ড্র করলেই সিরিজ জিতবে স্বাগতিকরা।
