করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতাদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবিরের সুস্থতা কামনা করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি, শহিদ সেরনিয়াবাত, সরফুদ্দিন আহমেদ সেন্টু খন্দকার এনায়েত উল্লাহ, সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মহিউদ্দিন মহি, মো. মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ।
