জামিন পাননি দুদকের এনামুল বাছির

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:১১

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় জামিন পাননি দুদকের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও বাছিরের পক্ষে মো. রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। খুরশীদ আলম খান বলেন, তার জামিন হয়নি। আবেদনটি ডিসচার্জ ফর নন প্রসিকিউশন করা হয়েছে। গত বছরের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ঐ চ্যানেলকে দিয়েছিলেন তিনি। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাত্কার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ঐ অর্থ ঘুষ দেন বলে মিজান দাবি করেন। পরে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও প্রদানের অভিযোগে পুলিশ ও দুদকের সাময়িক বরখাস্তকৃত ঐ দুই কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ১৬ জুলাই মামলা হয়। এরপর তাদের কারাগারে পাঠায় পুলিশ। এখনো তারা কারাগারে রয়েছেন। বর্তমানে এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।