গাজীপুর মহানগরীর শিববাড়ি মোড় থেকে টঙ্গী হয়ে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত এক আলোচনাসভা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বিআরটি প্রকল্পের সড়ক বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও এলজিইডির কার্যক্রম তিনটি স্লাইড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের তিন প্রকল্প পরিচালক। মো. খলিলুর রহমান জানান, আগামী পাঁচ মাসের মধ্যে বিআরটি প্রকল্পের গাজীপুর অংশের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। যথাযথভাবে এ কাজ চলছে কি না তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ তদারকি করবে।
