বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব, প্রাক্তন রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান কর্নেল (অব.) আনোয়ার উল আলম শহীদ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন। আজ বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা এবং বনানী সামরিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।
আনোয়ার উল আলম শহীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পৃথক শোকবার্তায় শোক জানান। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আনোয়ার উল আলম রক্ষীবাহিনীর উপপরিচালক, টাঙ্গাইলে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৪৭ সালের ১৪ নভেম্বর তিনি টাঙ্গাইল শহরে জন্মগ্রহণ করেন।
