রাজধানীর পার্শ্ববর্তী সাভার, ধামরাই ও আশুলিয়াসহ আশপাশের এলাকাগুলোতে নানা কায়দায় অভিনব প্রতারণা চলছে। সংঘবদ্ধ প্রতারক চক্রটি সুযোগ বুঝে হানা দিচ্ছে বিভিন্ন মিল-কারখানা, বেকারি, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, হোটেল, রেস্তোরাঁ, এনজিও, ক্লিনিক, ইটভাটা, আইসক্রিম কারখানাসহ নানা প্রতিষ্ঠানে। চাকরির প্রলোভন কিংবা ব্যক্তি বিশেষ বা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আর এ কাজে সুকৌশলে নারীদেরও ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে প্রতারকদের খপ্পরে পড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। সম্প্রতি আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অবস্থিত জীম ফোর্স গার্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ প্রতারককে আটক করে র্যাব। গত ২৪ নভেম্বর পৌর এলাকার ডগরমোড়া এলাকায় অবস্থিত ‘আল-হামি সিকিউরিটি লিমিটেড’ নামের প্রতিষ্ঠান থেকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ চার জনকে আটক করে র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা। র্যাব জানিয়েছে, প্রতারক চক্র দুটি বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়ার নামে ব্যানার ফেস্টুন টাঙিয়ে বিজ্ঞাপন দিয়ে আসছিল। সাধারণ মানুষ না বুঝে সেখানে গেলে প্রতারক চক্রটি বিভিন্ন কারখানায় তাদের চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। সম্প্রতি সাভারে অনুমোদনবিহীন অনলাইন টিভি চ্যানেলে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউজটিভিবাংলা নামক একটি ভুয়া টেলিভিশনের অফিসে অভিযান চালায় র্যাব-৪। এ সময় ঐ অফিস থেকে অনলাইন টিভি চ্যানেলটির ভাইস চেয়ারম্যান পরিচয়দানকারী প্রতারক চক্রের প্রধান দিদারুল ইসলাম ও দুই নারীসহ চার জনকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে চক্রটি দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
গত ৩০ আগস্ট সাভারে ডগরমোড়া এলাকা থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী মো. হারুন-অর-রশিদ খান নামের এক প্রতারককে গ্রেফতার করে র্যাব। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মানুষের কাজ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সম্প্রতি আশুলিয়ায় টিভি ও পত্রিকায় চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চিহ্নিত প্রতারক এসডি তফিকুল আলম সবুজ শাহীসহ আট জনকে গ্রেফতার করে র্যাব।
