যুক্তরাষ্ট্রের চারটি ব্যাটলগ্রাউন্ড স্টেটসে কয়েক লাখ ভোট বাতিল করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব ভোট ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন পেয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটররা বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানা গেছে। খবর সিএনএনের
প্রেসিডেন্ট ট্রাম্প এই আহ্বান এমন সময় জানালেন যখন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল প্যাক্সটন জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনের কয়েক লাখ ভোট বাতিল করতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে প্রতিনিধিত্ব করছেন জন ইস্টম্যান যিনি সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কমলা হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কারণ কমলার মা-বাবা অভিবাসী ছিলেন। সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় ট্রাম্প বলেছেন, আমাদের দেশ নানা উপায়ে গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে যা ১৮৬০ সালের নির্বাচন থেকে দেখা যায়নি। বিরোধীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। সম্প্রতি যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে সুইং স্টেটসগুলোতে কর্মকর্তারা রাজ্যের আইন অনুযায়ী কাজ করতে পারেননি। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেননি। ট্রাম্প দাবি করেছেন, ব্যাটলগ্রাউন্ড স্টেটস করোনা মহামারিকে অজুহাত হিসাবে ব্যবহার করে রাজ্যের আইনকে তোয়াক্কা করেনি। এতে ব্যালটের সততা রক্ষা করা সম্ভব হয়নি। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ২০২০ সালের নির্বাচন অনুযায়ী যদি ইলেক্টর নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে রাজ্যের আইনসভা নতুন একদল ইলেক্টর নিয়োগ দিতে পারে।
প্রস্তুত রিপাবলিকান সিনেটররা
জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে প্রস্তুত রিপাবলিকান সিনেটরদের অধিকাংশ। নির্বাচনের পর কয়েক সপ্তাহ ধরে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান কংগ্রেসম্যান এবং সিনেটের সিনেটররা বাইডেনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। তারা বলছিলেন, নির্বাচনের ফল নিয়ে আদালতে যাওয়ার অধিকার ট্রাম্পের আছে। কিন্তু এখন তাদের এই সংখ্যা ক্রমেই কমছে। বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার পাল্লাই ভারী হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পরাজয় স্বীকার না করায় তারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন।
