তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি এখন ভাস্কর্য নিয়ে নেমেছে। তিনি গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সৌদি আরব, ইরানসহ সব মুসলিম রাষ্ট্রে ভাস্কর্য আছে। ১৯৭১ সালে একটা গোষ্ঠী ফতোয়া দিয়ে বলেছিল, ‘যারা মুক্তিযুদ্ধ করছে তারা পাকিস্তান ভাঙার চেষ্টা করছে, তারা কাফের।’ আজ তাদের প্রজন্মই ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে।
তথ্যমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু আওয়ামী লীগ করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দুই পাশের সংযোগ স্থাপন হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু প্রমুখ। সম্মেলনে শোক প্রস্তাব উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেনের নাম ঘোষণা করেন আব্দুর রহমান।
