প্রথম ধাপের পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫৮ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তারা নিজেদের নির্বাচন থেকে সরিয়ে নেন। ফলে এ ধাপের ২৫ পৌরসভায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ২১৮ জন প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ৯৩ জন, সাধারণ কাউন্সিলর ৮৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আজ শুক্রবার আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভার তপশিল ঘোষণা করে ইসি। ঘোষিত তপশিল অনুযায়ী এসব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। আপিল ও বাছাইয়ে প্রার্থিতা বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১০০ জন। তাদের মধ্যে ৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৯৩ মেয়র প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। আপিল ও বাছাইয়ের পর বৈধ প্রার্থী ছিলেন ৮৯৭ জন। এর মধ্যে ৪৯ জন প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৮৪৮ জন। একইভাবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। আপিল ও বাছাইয়ের পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৭৯ জনে। তাদের মধ্যে দুই জন প্রত্যাহার করায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭৭ জন প্রার্থী।
