মনোহরদীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৪৬

নরসিংদীর মনোহরদীতে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে মনোহরদী থানায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক শাওন মিয়া (২৫) ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলো মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোমারক হোসেন (২২)।

মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, ১০ম শ্রেণির ঐ স্কুলছাত্রীর সঙ্গে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের     সম্পর্ক ছিল। আড়াই মাস আগে ঐ ছাত্রীকে জেলা শহরে নিয়ে দুটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুই জনের বিয়ে হয়ে গেছে বলে জানিয়ে বিষয়টি তিন মাস গোপন রাখতে বলে শাওন। সম্প্র্রতি ঐ ছাত্রী বিয়ের কাগজপত্র চাইলে টালবাহানা করতে থাকে। গত ৩ ডিসেম্বর হাতিরদিয়ার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ঐ ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শাওন। পার্কে সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন। সঙ্গে ছিল শাওনের সহযোগীরা। সেখানে টানা চার দিন তাকে আটকে রেখে তারা পালাক্রমে ধর্ষণ করে। গত মঙ্গলবার রাতে মেয়েটিকে মনোহরদীর চালাক বাজারের পাশে ফেলে রেখে তারা চলে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।