বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে :ইনু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, একাত্তরে যে রাজনৈতিক মোল্লারা ধর্মের নামে স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, তাদের কাছে ধর্মের ইজারা দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও উসকানিদাতা রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। দেশের মুসলমানরা শত শত বছর ধরে পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করে, ধর্ম পালন করে। মুসলমানদের রাজাকার, রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী ও ফতোয়াবাজদের কাছ থেকে ধর্ম শিখতে হবে না। রাজনৈতিক মোল্লারা কখনো রাজাকারদের, কখনো জঙ্গিদের, কখনো পাকিস্তানের, আবার কখনো বিএনপি-জামায়াতের ভাড়াটে হিসেবে কাজ করে।  

গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার নতুন চারতলা ভবন ও উপজেলায় আরো দুটি নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন :ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কেন্দ্রীয় জাসদের সংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, মাদ্রসার সুপার মাসুদ করিম প্রমুখ।