জাজিরায় আতশবাজি পুড়িয়ে উদ্যাপন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৫১

গতকাল শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু নদীর দুই প্রান্ত ছুঁয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাজিরার  মানুষ আতশবাজি পুড়িয়েছে ও ফানুস উড়িয়েছে পদ্মার পাড়ে। স্থানীয় এমপি ইকবাল হোসেন অপুর উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করেছে আওয়ামী লীগ। সেতুতে শেষ স্প্যান বসানোকে কেন্দ্র করে দিনভর জাজিরার নাওডোবা থেকে মাওয়া পর্যন্ত পদ্মা নদী ছিল নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। সাধারণ মানুষের প্রবেশ ছিল সংরক্ষিত।

কিন্তু দেশের এমন স্বপ্নবিজয়ে জাজিরার মানুষের অংশগ্রহণ রাখতে স্থানীয় আওয়ামী লীগ বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে। নাওডোবায় পদ্মা সেতুর টোলপ্লাজার পাশে সেতুর সংযোগ সড়কে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাজিরা  উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান, আওয়ামী লীগের নেতা আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ জড়ো হয়। স্প্যান ওঠানো নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে জাজিরার মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়ে। অনেকে নদীর তীরে জড়ো হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার  বলেন, ‘পদ্মা সেতু আমাদের প্রাণের দাবি ছিল। জাজিরায় সেতু নির্মাণের জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আজ সেই স্বপ্নের সেতু বাস্তবে রূপ নিচ্ছে। এ অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল।