বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমরাও পারি :কাদের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৫২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান। একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।’

গতকাল বৃহস্পতিবার     জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান গতকাল দুপুর ১২টা ২ মিনিটে বসানো হয়েছে।

সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এদেশে সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের সাহসী মিছিলের নাম আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু অর্জন, তা অর্জিত হয়েছে জনগণের সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে।

আওয়ামী লীগ গণতন্ত্র চর্চায় বিশ্বাসী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় দেশের যে কোনো দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের উপকমিটিসমূহ ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোনো বক্তব্য থাকলে অথবা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে।  তাই যে কোনো কমিটির বিষয়ে কারোর কোনো অভিযোগ দলীয় সভানেত্রীর কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম দুদুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান আলী।