৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন করার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে মানবন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে দ্রুত স্নাতক শেষ বর্ষের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ৪৩তম বিসিএসে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি হওয়ায় আমরা এখন অংশ নিতে পারব না। তাই ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হোক।
