ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আয়াজ হক হত্যা মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। ঐ আসামি হলেন ইনজামামুল ইসলাম ওরফে জিসান। একই মামলায় আরো পাঁচ আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন। রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান। যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার আগে কারাগার থেকে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে আয়াজকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। ঐ ঘটনায় নিহতের বাবা অ্যাডভোকেট সহিদুল হক ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১৩ মে ধানমন্ডি থানার এসআই সাহিদুল বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২৪ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয়। বিচার চলাকালে আদালত ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গতকাল এ রায় দেওয়া হয়।
