প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আসছে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে। আমি আশা করি, বাংলাদেশ হবে এ শিল্প বিপ্লবের মূল নেতা। আমাদের সে সক্ষমতা আছে। আমরা প্রমাণ করেছি, আমরা তা করতে পারি।
গতকাল বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে ‘এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় বলেন, শুধু অন্যের প্রযুক্তি গ্রহণ করা নয়, আমরা এখন প্রযুক্তির পরবর্তী প্রজন্মের নেতা হতে চাই। পরবর্তী প্রজন্মের প্রযুক্তির উত্কর্ষ সাধন করতে চাই। আমি বিশ্বাস করি, এটা কোনো স্বপ্ন না, এটা সম্ভব। পরবর্তী প্রজন্মের জন্য কোন প্রযুক্তি আসছে, সেটা তো না জানলে চলছে না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তার কিছু একটা বাংলাদেশ থেকেই আসবে। তিনি বলেন, মহামারীকালে যে নিউ-নরমাল পরিস্থিতি চলছে, তাতে প্রযুক্তি মূল ভূমিকা রাখছে। বিশ্বের প্রায় সব দেশই অর্থনৈতিক নানা কর্মকা্ল বন্ধ করে রেখেছে। ২০২০ সাল আমাদের একেবারে অপ্রস্তুত করে দিয়েছে। কিন্তু আমাদের অর্থনীতির সবকিছুই তো চলছে ভার্চুয়ালি। আমরা এখন পরবর্তী অধ্যায়ের দিকে তাকিয়ে আছৃি দেখব ভবিষ্যতে কোন প্রযুক্তি আসছে।
সজীব ওয়াজেদ জয় বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ অনলাইন নিরাপত্তা ও ডেটা নিরাপত্তার দিকে নজর রাখবে। চতুর্থ শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়ো টেকনোলজি, রোবোটিকস, মাইক্রো প্রসেসর ডিজাইন, সফটওয়্যার ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে নজর রাখছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা ফোকাস করছি গবেষণায়।
