ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে মরক্কোও। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল দুই দেশ কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি হয়েছে। গত চার মাসে চতুর্থ রাষ্ট্র হিসেবে মরক্কো ইসরাইলের সঙ্গে শত্রুতা পরিহার করে সম্পর্ক স্বাভাবিক করছে। গতকাল মরক্কোর রাজা ষষ্ঠ মোহম্মদের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়টি স্থির করেন। চুক্তির বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম সাহারায় মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবেন। এই এলাকা নিয়ে আলজেরিয়া সমর্থিত পলিসারিও ফ্রন্টের সঙ্গে কয়েক দশক ধরে মরক্কোর বিরোধ রয়েছে। এই ফ্রন্ট পশ্চিম সাহারার স্বাধীনতার জন্য লড়াই করছে। —আলজাজিরা
