ভারতের কৃষক আন্দোলন নিয়ে বরিসের মন্তব্যে সমালোচনা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:৩৮

ভারতের কৃষক আন্দোলন নিয়ে মনগড়া বক্তব্য দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা শুরু হয়েছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিসের কাছে ভারতে কৃষকদের ওপর জল কামান ও টিয়ার গ্যাস প্রয়োগ করে আন্দোলন দমনের চেষ্টার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান ব্রিটিশ এমপি তানমানজিত সিং ধেসি। জবাবে বরিস বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কী হচ্ছে সে ব্যাপারে আমাদের গভীর উদ্বেগ রয়েছে। তিনি আরো বলেন, তবে এর সমাধানে দুই দেশের সরকারকেই আগে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বরিসের এই মন্তব্যকে অজ্ঞতাপূর্ণ ও হতাশাজনক বলে টুইট করেন তানমানজিত সিং। টুইটারে এ নিয়ে সমালোচনা করেছেন আরো অনেকে। ব্রিটেনের আরেক এমপি আফজাল খান বলেন, এটি বরিস জনসনের আরেকটি হতাশাজনক আচরণ। -আলজাজিরা