বাংলা বানানের নিয়মকানুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:০৯

মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, খুলনা

চন্দ্রবিন্দু ( ঁ)-এর ব্যবহার (পর্ব ২)

 

তদ্ভব শব্দে চন্দ্রবিন্দু

তত্সম বা সংস্কৃত শব্দের নাসিক্যবর্ণ (ঙ, ঞ, ণ, ন, ম, ং) ছেড়ে চন্দ্রবিন্দু-সহ বাংলাতে তদ্ভব শব্দের রূপ ধারণ করেছে। যেমন :

আঁঁক [<অঙ্ক], ইঁদুর [<ইন্দুর], উঁচল [<উঞ্ছন], এঁদো [<অন্ধ], কাঁক [<কঙ্ক], খাঁড় [<খণ্ড], গাঁ [<গ্রাম], ঘেঁস [<ঘর্ষণ], চাঁদ [<চন্দ্র], ছাঁটা [<শাতন], জাঁতা [<যন্ত্র], ঝাঁপ [<ঝম্প], টাঁকশাল [<টঙ্কশাল], ঠাঁই [<স্থান], ডাঁটা [<দণ্ড], দাঁত [<দন্ত], ধাঁধা [<দ্বন্দ্ব], পাঁক [<পঙ্ক], বাঁটা [<বণ্টন], ভাঁড় [<ভাণ্ড], রাঁধা [<রন্ধন], ষাঁড় [<ষণ্ড], সাঁঝ [<সন্ধ্যা], হাঁস [<হংস] ইত্যাদি।

সর্বনাম পদে চন্দ্রবিন্দু

বাংলা ভাষায় সম্ভ্রম, গৌরব বা সম্মানসূচক সর্বনাম পদে চন্দ্রবিন্দুর আবশ্যিক ব্যবহার রয়েছে। যেমন :

যাঁরা, যাঁহারা, তাঁরা, তাঁহারা, যাঁর, যাঁহার, তাঁর, তাঁহার, যাঁদের, যাঁহাদের, তাঁদের, তাঁহাদের, এঁর, ওঁর, এঁরা, ওঁরা, ইঁহারা, উঁহারা, এঁকে, ওঁকে, তাঁকে, যাঁকে, ইঁহাকে, উঁহাকে, যাঁহাকে, ইঁহার, উঁহার, এঁদের, ওঁদের, ইঁহাদের, উঁহাদের ইত্যাদি।

সংখ্যাবাচক শব্দে চন্দ্রবিন্দু

বাংলা ভাষায় কয়েকটি সংখ্যাবাচক শব্দের বানানে চন্দ্রবিন্দুর আবশ্যিক ব্যবহার রয়েছে। যেমন :

পাঁচ, পঁচিশ, পঁচিশে, পঁয়ত্রিশ, সাঁইত্রিশ, পঁয়তাল্লিশ, পঁয়ষট্টি, পঁচাত্তর, পঁচাশি, পঁচানব্বই।

ধ্বন্যাত্মক বা অনুকার শব্দে চন্দ্রবিন্দু

বাংলা ভাষায় ধ্বন্যাত্মক বা অনুকার শব্দের বানানে চন্দ্রবিন্দুর প্রচুর ব্যবহার লক্ষ করা যায়। যেমন :

উঁহুঁ, কাঁইমাই, কুঁইকুঁই, কোঁকা, কোঁকানো, কোঁ কোঁ, ক্যাঁক, ক্যাঁককেঁকে, ক্যাঁকক্যাঁক, ক্যাঁচ, ক্যাঁচক্যাঁচ, ক্যাঁচক্যাঁচানি, ক্যাঁচরক্যাঁচর, ক্যাঁচরম্যাচর, খ্যাঁক, খ্যাঁকখ্যাঁক, খ্যাঁকখ্যাঁকানি, গাঁইগুঁই, গাঁকগাঁক, গোঁ-গোঁ, ঘোঁতঘোঁত, ঘ্যাঁচ, ঘ্যাঁচ ঘ্যাঁচ, চিঁ, চিঁচিঁ, চিঁহি, চুঁইচুঁই, চুঁচুঁ, চুঁয়া, ছোঁকছোঁক, ছ্যাঁক, ছ্যাঁকা, ঝাঁ, ঝাঁ-গুড়গুড়, ঝাঁঝাঁ, ঝিঁঝি, ট্যাঁ, ধাঁ, ধাঁই, পোঁ, পোঁ পোঁ, প্যাঁ, প্যাঁক প্যাঁক, ফোঁপা, ফোঁপানি, ফোঁস, বাঁইবাঁই, শাঁ, শোঁ শোঁ, হাঁ, হাঁচা, হাঁচি, হাঁসফাঁস, হুঁ, হ্যাঁচকা, হ্যাঁচরপ্যাঁচর।

দ্বিরাবৃত্ত শব্দে চন্দ্রবিন্দু

বাংলা ভাষায় বেশ কিছু দ্বিরাবৃত্ত শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। যেমন :

আঁঁকা,আঁঁকি, আঁঁচড়া,আঁঁচড়ি, আঁঁচা,আঁঁচি, কাঁধাকাঁধি, খুঁজাখুঁজি, খ্যাঁচাখেঁচি, ঘাঁটাঘাঁটি, ছিঁড়াছিঁড়ি, ছোঁড়াছুঁড়ি, ছোঁয়াছুঁয়ি, বাঁধাবাঁধি, হাঁটাহাঁটি।