রাজশাহী রেলওয়ে স্টেশনে পুলিশের কনস্টেবল রিয়াজ হাসানকে (৩৫) মারধরের অভিযোগে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী রিয়াজ হাসান নিজে বাদী হয়ে রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।এতে আরএনবির নায়েক কাইয়ুম আলী, সিপাহী শাহিন আলম, মিজানুর রহমান ও বেলাল হোসেনসহ অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মারধরের শিকার পুলিশ কনস্টেবল রিয়াজ হাসান (৩৫) রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত। গত বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনি মারধরের শিকার হন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েই তিনি থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, ওইদিন রাতে কনস্টেবল রিয়াজের পাঁচজন আত্মীয় ট্রেনে রাজশাহী আসেন। কনস্টেবল রিয়াজ ও তার স্ত্রী তাদের স্টেশন থেকে আনতে গিয়েছিলেন। প্ল্যাটফর্ম থেকে ফিরে আসার পথে আরএনবির সদস্যরা তাদের কাছে টিকিট দেখতে চান। তখন পাঁচ যাত্রীর টিকিট দেখানো হয়। কিন্তু কনস্টেবল ও তার স্ত্রীর টিকিট না থাকায় তাদের টিকিট কালেক্টরের (টিসি) কাছে ধরে নিয়ে যাওয়া হয়। তখন কনস্টেবল নিজের পরিচয় দিয়ে জানান, তিনি এবং তার স্ত্রী ট্রেনের যাত্রী ছিলেন না। তারা স্বজনদের নিতে এসেছিলেন।
এ কথা শোনার পর টিসি তাদের ছেড়ে দেন। কিন্তু টিসির কক্ষ থেকে বের হওয়ার পরই আরএনবির সদস্যরা পুলিশের ওই কনস্টেবলকে মারধর শুরু করেন। পরে অন্যান্য যাত্রী এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি জানান, মামলা দায়ের হলেও কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ
