করোনায় মারা গেলেন কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২০:৫১

বিনোদন ডেস্ক

 

কোরিয়ান বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক করোনা আক্রান্ত হয়ে ইউরোপের লাটভিয়ায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দেশটিতে গত ২০ নভেম্বর এসেছিলেন। লাটভিয়ার স্থানীয় গণমাধ্যম ডেলফি জানায়, ১১ ডিসেম্বর স্থানীয় সময় রাতে কোভিড ১৯-এর সঙ্গে লড়াইয়ে হেরে যান কিম কি দুক। তার মারা যাওয়ার বিষয়টি তার দো-ভাষী ক্রোলোভাও নিশ্চিত করেছেন।

আর্টডোকফেস্ট/রিগা ভিটালিজস মানসকিসের পরিচালক জানিয়েছেন, কিম কি দুক জুরমালায় একটি বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন। একইসঙ্গে সেখানে নাগরিকত্বের আবেদন করেছিলেন। তবে তিনি নির্দিষ্ট সময় সাক্ষাত্কারের জন্য উপস্থিত হতে পারেননি। এর পরবর্তীতে তার সহকর্মীরা তাকে হাসপাতালে খোঁজা শুরু করেন। তবে লাটভিয়ায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এখনো কোনো মন্তব্য করেনি কিমের মৃত্যুর বিষয়ে।

কিম কি দুক ১৯৬০ সালের ২০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জন্মগ্রহণ করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর দেশে ফিরে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ এবং ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিল কর্তৃক আয়োাজিত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। ২০০০ সালে তার চলচ্চিত্র ‘রিয়াল ফিকশন’ ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে স্থান পায়। ২০০৪ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘সামারিটান গার্ল’ চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উত্সবে ‘আয়রন ৩’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন।

২০১২ সালে তার ‘পিয়েটা’ ছবিটি ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উত্সবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উত্সবে ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার লাভ করে।