হয়ে গেল অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২০:৫১

বিনোদন রিপোর্ট

 

হয়ে গেল জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে। গত বৃহস্পতিবার ১০ ডিসেম্বর  মধ্যরাতে অভিনেত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পাত্রের নাম সত্রাজিত্ দত্ত, পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে কর্মরত আছেন তিনি। জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় বর-কনের পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

অপর্ণা ঘোষ বলেন, ‘জীবনের নতুন এই অধ্যায়ের জন্য সবার ভালোবাসা, আশীর্বাদ আশা করছি। সবকিছু জলদি হয়ে গেল। ইচ্ছে আছে আগামীবছরের মে মাসে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার।’ অভিনেত্রী অপর্ণা ঘোষ নিয়মিত অভিনয় করছেন নাটক-চলচ্চিত্রে। তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবনমাঝি’, ‘মেঘমল্লার’ ও ‘গণ্ডি’। সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমায় অভিনয় করেছেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।