তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি
নাগোরনো-কারাবাখ সংঘাতে আজারবাই-জানকে সমর্থন দেওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে। তারা শহর, গ্রাম, মসজিদ ধ্বংস করেছে। তাই তাদের বিচার হওয়া উচিত। বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উত্সবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আর্মেনিয়ার সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ডয়েচেভেলে
টানা ছয় সপ্তাহ সংঘর্ষের পর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। এর ফলে নাগোরনো-কারাবাখের আর্মেনীয় অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকি ১৯৯০ সালের পরবর্তী সময়ে তারা যে ছয়টি জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে। এটি নিজেদের জয় হিসেবে দেখছে আজেরিরা। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানকে সামরিক ও কূটনৈতিক সাহায্য ও সমর্থন দিয়েছে তুরস্ক। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আজারি সেনাকে শক্তিশালী করতে সিরিয়া থেকে বাহিনী সরিয়ে এরদোয়ান সেখানে পাঠিয়েছেন। ফলে আজারবাইজানের জয় সহজ হয়েছে। এই সংঘাতে অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এরদোয়ান জানিয়েছেন, তিনি রাশিয়া, আজারবাইজান, ইরান, জর্জিয়ার সঙ্গে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে কথা বলেছেন। সেখানে সম্ভব হলে আর্মেনিয়াও থাকবে।
