সুসান রাইসকে হোয়াইট হাউজে আনছেন বাইডেন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২০:৫৩

রয়টার্স

বারাক ওবামা আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসকে নতুন প্রশাসনে দায়িত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ৫৬ বছর বয়সি রাইসকে তিনি অভ্যন্তরীণ নীতিবিষয়ক শীর্ষ উপদেষ্টা এবং হোয়াইট হাউজের অভ্যন্তরীণ নীতিবিষয়ক কাউন্সিলের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন।

পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন রাইস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে ওবামা আমলেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। কৃষ্ণাঙ্গ এই নারী বাইডেনের রানিংমেট হওয়ার দৌড়েও ছিলেন। রাইসকে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও বিবেচনা করা হচ্ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কিন্তু ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র মিশনে প্রাণঘাতী হামলার ঘটনায় ভূমিকার কারণে রাইসকে কংগ্রেসে রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হবে আশঙ্কায় ডেমোক্র্যাট বাইডেন পরে ঐ চিন্তা থেকে সরে আসেন। হোয়াইট হাউজের অভ্যন্তরীণ নীতিবিষয়ক পদে আসায় রাইসকে সিনেটের অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না।