আজকের খেলা
চট্টগ্রাম-রাজশাহী
বেলা ১২টা ৩০ মিনিট
ঢাকা-বরিশাল
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট
(মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। আজ লিগ পর্বের শেষ দিনের দুই ম্যাচ থেকে চতুর্থ দল নির্ধারণ হবে। শেষ দল হিসেবে প্লে-অফে নাম লেখানোর দৌড়ে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল।
সাত ম্যাচ খেলে দুই দলের ঝুলিতেই আছে দুটি করে জয়। সমান সংখ্যক জয় থাকলেও রান রেটে বরিশালের (-০.৪৩৫) চেয়ে এগিয়ে আছে রাজশাহী (-০.২৬৩)। বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে নিট রান রেটেই ঠিক হবে প্লে-অফের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী। ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১২টায়। অপর ম্যাচে ঢাকার বিরুদ্ধে লড়বে বরিশাল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়।
দুই দলের সামনেই জয়ের বিকল্প নেই। আজ দুই দল নিজ নিজ ম্যাচে জিতলে তাদের জয়ের সংখ্যা ও পয়েন্ট সমান হবে। তখন নিট রান রেটে এগিয়ে থাকা দল সেরা চারে উন্নীত হবে। রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। সেদিক থেকে রাজশাহী সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজ চট্টগ্রামকে হারাতে পারলে সেরা চারে তাদের খেলা অনেকটাই নিশ্চিত হবে। তারপরও পরের ম্যাচে বরিশালের জয়-পরাজয়ে নজর রাখতে হবে তাদের। কারণ রাজশাহীর জয়ের পর বরিশালের সামনে টার্গেট পড়তে পারে বড় ব্যবধানে জয়ের। যদিও সেটি কঠিন কর্ম হবে বৈকি।
তবে রাজশাহী হারলে বড় সুযোগ আসবে বরিশালের সামনে। তখন ঢাকাকে হারাতে পারলেই তারা প্লে-অফে উঠে যাবে। চট্টগ্রামের কাছে হারলেও রাজশাহী বাদ পড়ে যাবে না। তখন বরিশালের হার কামনায় অপেক্ষা করতে হবে তাদের। আবার আজ দুই দলই নিজেদের ম্যাচ হারলে রাজশাহী উঠে যাবে রান রেটে এগিয়ে থাকায়।
তবে চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর লড়াইটা সহজ হবে না। টানা দুই জয়ে শুরু করা শান্তর দল পরের পাঁচটি ম্যাচ হেরেছে। টুর্নামেন্টের সেরা দল চট্টগ্রামকে হারাতে আজ শান্ত-সাইফউদ্দিনদের খেলতে হবে নিজেদের সেরাটা।
গতকাল অনুশীলন শেষে সাইফউদ্দিন বলেছেন জয়ের জন্যই খেলবে রাজশাহী। তরুণ এই পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘যেহেতু আমাদের সুযোগ আছে জিতলেই প্লে-অফে থ্রু করব। লক্ষ্য থাকবে কালকের (আজ) ম্যাচটা জেতার।’
