স্পোর্টস ডেস্ক
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সেন্টার উইকেটটা দেখলে আলাদা করে বোঝা মুশকিল। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুটা উইন্ডিজ পেসাররা করেছিল বেশ ভালো। তবে হেনরি নিকলসের কল্যাণে সেটা প্রথম দিনে ভালোভাবেই সামলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ছয় উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে ২৯৪ রানে।
সবুজ ঘাসে ছাওয়া উইকেট। এখানে টস জিতলে বোলিং নেবে যে কেউ, সফরকারী উইন্ডিজও নিল। ম্যাচের আগেই অবশ্য একটা ইতিহাস গড়ল দলটা। গড়লেন অভিষিক্ত জশুয়া সিলভা, চলতি শতাব্দীর প্রথম শ্বেতাঙ্গ ক্যারিবীয় ক্রিকেটার বনে। সঙ্গে পেসার শেমার হোল্ডারেরও অভিষেক হয়েছে এদিন।
সবুজ উইকেটে এরপর আগুন ঝরিয়েছে ক্যারিবীয় বোলাররা। শুরুটা একটু এলোমেলো হলেও শ্যানন গ্যাব্রিয়েল এনে দিলেন প্রথম উইকেটটা, থমাস বন্ডেলের স্টাম্প ছত্রখান করে। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম ২৭ রানে ফেরেন অভিষিক্ত হোল্ডারের শিকার হয়ে। রস টেলরকে গ্যাব্রিয়েল ৯ রানেই ফেরালে বিপর্যয়ের আভাস পাচ্ছিল স্বাগতিকরা।
এরপরই বাধা হয়ে দাঁড়ালেন নিকলস। উইল ইয়ংকে নিয়ে ৭০ আর ব্রায়ান ওয়াটলিংয়ের সঙ্গে ৫৫ রানের দুটো জুটি গড়লেন। তবে ক্যারিবীয় পেস তখনো পরীক্ষা নিয়েছে তাদের। ৪৭ রানেই দুবার স্লিপে ক্যাচ তুলে জীবন পান নিকলস।
তবে ড্যারিল মিচেলের সঙ্গে এলো নিকলসের সবচেয়ে বড় জুটিটা। ৮৩ রানের জুটি গড়ার সময়ে পেলেন শতকের দেখাও। ১৫ চার আর ১ ছয়ে ১১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন প্রথম দিনের নায়ক নিকলস।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস : ৮৪ ওভারে ২৯৪/৬ (ইয়ং ৪৩, নিকলস ১১৭*, মিচেল ৪২; গ্যাব্রিয়েল ৫৭-৩, শেমার ৬৫-২)।
