স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে ২-০ তে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের খুদে সংস্করণে ক্যারিবিয়ানদের বড় অস্ত্র আন্দ্রে রাসেল। স্বদেশ যখন কিউইদের সামনে সংগ্রাম করছিল রাসেল তখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যস্ত। স্বাভাবিকভাবেই চরম সমালোচনার মুখে পড়েন তিনি। এলপিএলে কলম্বো কিংসের হয়ে খেলা রাসেল ব্যাখ্যা করেছেন, কেন তিনি নিউজিল্যান্ড সফরের দলে নেই?
জ্যামাইকাভিত্তিক টিভি স্পোর্টস ম্যাক্সকে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ফ্র্যাঞ্চাইজ টি-২০ নয় তার কাছে দেশের হয়ে খেলাই আগে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
রাসেল বলেছেন, নিউজিল্যান্ড সফরে যেতে প্রথমে সম্মতি দেননি তিনি। পরে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কথা বলে আবার সিদ্ধান্ত পালটে চেষ্টা করেছিলেন সফরে যেতে। কিন্তু ততক্ষণে প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়ে দিয়েছেন, তুমি দেরী করে ফেলেছ। শেষ পর্যন্ত উইন্ডিজ দলে সুযোগ না পেয়েই কলম্বো কিংসে নাম লিখিয়েছেন রাসেল।
নিজের সামর্থ্যের সেরাটা ওয়েস্ট ইন্ডিজের হয়ে দিতেই মুখিয়ে থাকেন ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে যতটা প্রাণশক্তি দিয়ে ও উদ্যমী হয়ে খেলি, অন্য কোথাও সেভাবে খেলি না। কিছু মানুষ আড়ালে কথা বলবেই। তারা কখনোই বুঝবে না খেলোয়াড় হিসেবে এসব তুচ্ছ ব্যাপার কতটা কষ্ট দেয়। তারা শুধু বিচার করবে। তাদের জন্য অপর একজনকে বিচার করা খুবই সহজ। কোনো কিছুই আমার পক্ষে যাচ্ছিল না। সীমাহীন চাপ ছিল।’
যদিও পরিসংখ্যান তার পক্ষে কথা বলে না। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র দুটি সিরিজ খেলেছেন। এর মধ্যে অবশ্য ইনজুরির সঙ্গেও লড়েছেন। ফ্র্যাঞ্চাইজ টি-২০ খেলে তার শরীরেও বেশ ধকল গেছে। এখন ২০২১ টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য ধরে এগুচ্ছেন রাসেল। জাতীয় দলের হয়ে খেলতে চান শতভাগ ফিট হয়ে।
