একই রাতে মাদ্রিদ ও ম্যানচেস্টার ডার্বি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

তর্কসাপেক্ষে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দুই ডার্বি। আজ রাতে নিজেদের লিগে মুখোমুখি হচ্ছে মাদ্রিদ ও ম্যানচেস্টারের চার দল। ডি স্টেফানো স্টেডিয়ামে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আতিথ্য দিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।  

চলতি মৌসুমে লা লিগায় মাদ্রিদ শহরের দুই প্রান্তে যেন দুই রঙ। অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো অপ্রতিরোধ্য, অপরাজেয়; উলটোদিকে রিয়াল মাদ্রিদ, মৌসুমের ১১ ম্যাচ খেলে ফেলার পরও গত মৌসুমের ফরমটা খুঁজে ফিরছে তারা।

১০ ম্যাচে ৮ জয় এবং ৮টি ক্লিনশিট নিয়ে সুয়ারেজরা এখন টেবিলের শীর্ষে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও ৬ পয়েন্টে পিছিয়ে থাকা সার্জিও রামোসরা অবস্থান করছে টেবিলের চতুর্থ স্থানে। আজকে জিতলে রিয়ালের সঙ্গে অ্যাটলেটিকোর ব্যবধানটা গিয়ে দাঁড়াবে ৯-এ। তাতে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথম শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে অ্যাটলেটিকো।

মৌসুমের মাঝপথ পেরোয়নি এখনো। লিগ শিরোপার লড়াইয়ের উপসংহার টানা হবে এই মাদ্রিদ ডার্বিতেই, সে কথা মানতে নারাজ অ্যাটলেটিকো কোচ সিমিওনে। বললেন, ‘ম্যাচটিকে আমি শিরোপা লড়াইয়ের শেষ হিসেবে দেখছি না। এখনো অনেক ম্যাচ বাকি আছে।’

ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের চিত্রটা ঠিক মাদ্রিদের মতো না। প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফরম করতে পারেনি কোনো দলই। দুই ম্যানচেস্টারের কেউই নেই লিগ টেবিলের শীর্ষ চারে। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকা ইউনাইটেড নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছে ১ পয়েন্টে। দুই দলের জন্যই জয়ের কোনো বিকল্প নেই। তবে জয়ের জন্য একটু বেশিই মরিয়া হয়ে থাকবে শিরোপা পুনরুদ্ধারের ডাক দিয়ে মৌসুম শুরু করা পেপ গার্দিওলার সিটি। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে আজ এভারটনের মুখোমুখি হচ্ছে ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসি।