স্পোর্টস ডেস্ক
আপিলের পরও ধর্ষণ মামলায় ৯ বছরের জেল থেকে মুক্তি পেলেন না ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো। সাত বছর আগে ইতালিতে এক আলবেনিয়ান নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রবিনহোকে এই সাজা দেন মিলান আদালত। তখন এসি মিলানের হয়ে খেলছিলেন তিনি। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন সাবেক এসি মিলান ফরোয়ার্ড। তাই আপিল করেন, কিন্তু তাতেও অভিযোগের প্রমাণ পান আদালত। তবে ইতালির সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকছে তার।
গত অক্টোবরে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন রবিনহো। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এমন ফুটবলারকে দলে নিয়ে তোপের মুখে পড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি। তাই চার দিনের মাথায় চুক্তি বাতিল করে তারা। সেদিনও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
