বরিশালে দুই পৌরসভা নির্বাচন
বরিশাল অফিস
বরিশালের দুইটি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম। প্রথমে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এস এম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। পরে ঐ পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের ২৫ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন তিনি। একইভাবে বিকেল ৩টায় উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী, বিএনপির মো. শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। একই সময় তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম জানান, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর এই দুটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
চাটমোহরে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, চাটমোহর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পাড়া, মহল্লায় প্রার্থীর পক্ষে শুরু হয়েছে মাইকিং, পৌর এলাকার সর্বত্রই টাঙানো হচ্ছে পোস্টার। শীত উপেক্ষা করে প্রার্থী ও তাদের কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন বিভিন্ন রকম প্রতিশ্রুতি। এবার নির্বাচনে মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো ও বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আছাদুজ্জামান আরশেদ। এছাড়া দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আ. মান্নান (মোবাইল ফোন)। মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এজিপি অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আগামী ২৮ ডিসেম্বর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম বারের মতো এখানে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
