গঙ্গাচড়ায় সরকারিভাবে ধান-চাল ক্রয় অনিশ্চিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:১৯

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় সরকারিভাবে ধান-চাল ক্রয় অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। বৃহস্পতিবার সরকারিভাবে মিল মালিকদের চুক্তির শেষ দিন পর্যন্ত কোনো মিলার চুক্তি করেননি।  মিলারদের বক্তব্য, সরকারিভাবে যে দাম দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এক কেজি চালে তাদের সাত থেকে আট টাকা লোকসান গুনতে হবে। সরকারিভাবে এক কেজি চাল ৩৭ টাকা ও ধান ২৬ টাকা ঘোষণা দিয়েছে। বর্তমানে মোটা ধানই কিনতে হচ্ছে ১ হাজার ৩০ টাকা মণ দরে। আর সরকারিভাবে ধান মণপ্রতি ১ হাজার ৪০ টাকা ধরা হয়েছে। ধান ব্যবসায়ী ও ভাই ভাই রাইস মিলের স্বত্বাধিকারী নওয়াব আলী জানান, গত বোরো মৌসুমেও লোকসান করে চাল দিয়েছি। কিন্তু এবার এত লোকসান করা সম্ভব না। তাই আমরা কেউ চুক্তি করিনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ বলেন, ধান-চাল কেনা সম্ভব হচ্ছে না। বৃস্পতিবার শেষ দিনে মিলারদের সঙ্গে বৈঠক করে অনেক বোঝানোর পরও তারা চুক্তি করেনি। আর ধান সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।