ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ১ হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন-বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। আটককৃতরা হলো—সাতক্ষীরা জেলার মো. মোশারফ হোসেন ও নড়াইল জেলার মনির কাজী। 

মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ঘটনার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শাহ ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক বিক্রেতাকে আটক ও পিকআপ গাড়িটিকে জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।