নিজস্ব অর্থায়নে নির্মিতব্য স্বপ্নের পদ্মা সেতুর ব্যয় টোল বা গাড়ি পারাপারে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায়ের মাধ্যমে ওঠাবে সরকার। টোলের একটি প্রাথমিক হারও নির্ধারণ করেছে সেতু বিভাগ। তবে এটি এখনো চূড়ান্ত নয়। জানা গেছে, সরকার যথাসম্ভব টোলহার সীমিত রাখতে চায়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশি অর্থায়নে সেতু নির্মাণ করা হলে টোল হার ধার্যের বিষয়ে দাতাদের শর্ত বা পরামর্শ থাকে। তবে দেশীয় অর্থায়নে নির্মিত সেতুর ক্ষেত্রে এ রকম কোনো নীতিমালা এখন পর্যন্ত নেই। সাধারণত সেতু হওয়ার আগে ফেরিতে যে হারে টোল নেওয়া হতো, সেতুতে ঐ হারে টোল নির্ধারণ করা হয়ে থাকে।
পদ্মা সেতু চালুর পর ১৫ বছরের জন্য সেতু বিভাগ টোল হারের একটি তালিকা করেছে গতবছর। তালিকা অনুযায়ী, বাসের ক্ষেত্রে টোলের হার হতে পারে ২ হাজার ৩৭০ টাকা। ছোট ট্রাকের জন্য ১ হাজার ৬২০, মাঝারি ট্রাকের ক্ষেত্রে ২ হাজার ১০০ ও বড় ট্রাকের ক্ষেত্রে ২ হাজার ৭৭৫ টাকা টোল নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে ঐ তালিকায়। প্রতি ১৫ বছর পরপর টোলের হার ১০ শতাংশ করে বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়েছে সেতু বিভাগের প্রস্তাবে। তবে প্রস্তাবটি চূড়ান্ত হলে টোল হার কিছুটা এদিক-ওদিক হতে পারে।
মাওয়া ফেরিঘাটের টোল আদায় কেন্দ্রের তথ্য অনুযায়ী বর্তমানে পদ্মা পাড়ি দিতে ফেরিতে দিনের বেলা প্রতিটি বাসকে ১ হাজার ৪০০ টাকা টোল দিতে হয়। যাত্রী থাকলে এর সঙ্গে যুক্ত হলো আরো ৪৫০ টাকা। রাতের বেলা হলে যোগ হবে আরো ৪৭০ টাকা। সব মিলিয়ে ফেরি পার হতে যাত্রীবাহী বাসের টোল দিনে ১ হাজার ৮৫০ টাকা এবং রাতে ২ হাজার ৩২০ টাকা। ফেরি পারাপারে প্রাইভেট কারের টোল ৫০০, মাইক্রোবাসের ৮৫০ এবং মোটরসাইকেলের ৭০ টাকা। ফেরিতে ট্রাকের টোল ১ হাজার ৮৫০ টাকা। এর সঙ্গে নির্দিষ্ট ওজনের পর প্রতি টনে ১৬০ টাকা করে বাড়তি টোল নেওয়া হয় ফেরি পারাপারের ক্ষেত্রে।
বঙ্গবন্ধু সেতুর টোল কত
বঙ্গবন্ধু সেতু চালু হয় ১৯৯৮ সালে। সেতুটি পারাপারে বর্তমানে বড় বাসকে ৯০০, ছোট বাসকে ৬৫০, বড় ট্রাককে ১ হাজার ৪০০, মাঝারি ট্রাককে ১ হাজার ১০০ এবং ছোট ট্রাককে ৮৫০ টাকা হারে টোল দিতে হয়। এছাড়া প্রাইভেট কারের ৫০০ এবং মোটর সাইকেলের টোল ৪০ টাকা।
পদ্মা সেতু নির্মাণের খরচ বঙ্গবন্ধু সেতুর চেয়ে অনেক বেশি। আবার এর দৈর্ঘ্য-প্রস্থও বেশি। স্বাভাবিক কারণেই পদ্মা সেতুতে টোলের হার বেশি হবে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। বঙ্গবন্ধু সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। আর পদ্মা সেতু প্রকল্পে সর্বশেষ হিসাব পর্যন্ত ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
