তিন স্থানে ট্রেনের ধাক্কায় চার জনের মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:২৯

সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে দুই জন এবং গৌরীপুরে এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মারা যান। এছাড়া নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির মৃত্যু হয়। সংবাদদাতাদের পাঠানো খবর।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, আছিনূর তার ভাগনী নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান আছিনূর। গুরুতর আহত নূপুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গৌরীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ময়মনসিংহ-জারিয়া রেলসড়কে উপজেলার ঝিনাইকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনটি শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে গৌরীপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ট্রেনটি রেলপথের ঝিনাইকান্দি এলাকায় আসতেই ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বৃদ্ধার লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, মোহনগঞ্জে বৃহস্পতিবার বিকালে কমিউটার ট্রেনের ধাক্কায় প্রানেশ সরকার (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্টেশনের অদূরে কাজিয়াটি রেলওয়ে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রানেশ বড়কাশিয়া ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের নিখিল সরকারের ছেলে। উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ দত্ত জানান, প্রানেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।