ভার্চুয়াল বইমেলার আয়োজন করবে বাংলা একাডেমি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৩৭

বাতিল করা হলো বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এবার রইবে না কোন প্রাণচাঞ্চল্য। করোনার দ্বিতীয় সংক্রমণের কথা বিবেচনায় রেখে আসছে ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, ঐতিহ্য ধরে রাখতে ভার্চুয়ালি বইমেলার আয়োজন করবে বাংলা একাডেমি।

বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়ালি বইমেলা আয়োজনের জন্য ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই বিশাল পরিসরে বইমেলা আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ভার্চুয়াল বইমেলায় সব প্রকাশনীর স্টল থাকবে। যেখানে বই দেখে অনলাইনে তা কেনার জন্য অর্ডার  দিতে পারবেন ক্রেতারা। এছাড়া, বাংলা একাডেমির প্রতিদিনের আলোচনা, অনুষ্ঠান, পুরস্কার প্রদানসহ সব অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সভায় বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিত্ ঘোষ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, অর্থ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।