পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে, গুলি করে হত্যা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৩৭

পাবনা মধ্য শহরের অনন্ত বাজারে সিএনজি অটোস্ট্যান্ডের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখকে (৩২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত বকুল শেখ পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে ও দোগাছি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় তারা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর থানার ওসি শেখ নাসিম আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ হত্যার মোটিভ উদ্ঘাটনে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।