পাবনায় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৩৮

পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুরে বৃহস্পতিবার রাতে বারোয়ারী কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমিনপুর থানার ওসি মোজাম্মেল হক জানান, আমিনপুর থানার আহম্মদপুর গ্রামে বারোয়ারী কালি মন্দিরটি অবস্থিত। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে  প্রতিমার  টিকলি খুলে ভাঙচুর করে। শুক্রবার সকালে  ঘটনা দেখতে পেয়ে পুলিশে খবর দেন মন্দির কমিটির নেতারা।

সুজানগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো  জানান, আহম্মদপুর বারোয়ারী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দেন।