ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আসলাম চৌধুরীসহ বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দিয়েছেন বলে গতকাল শুক্রবার আদালতের একটি সূত্র জানায়। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি আগামী বছরের ২২ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা আন্দোলন কর্মসূচির সময় ২০১৩ সালের ১৬ নভেম্বর মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বারো আউলিয়া এলাকায় সড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে আসলাম চৌধুরীসহ ২১ জনের নামে এবং আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রুবেল পাল জানান, ঐ মামলা তদন্ত করে সীতাকুণ্ড থানার এসআই শাহআলম হাওলাদার বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।
আসলাম চৌধুরী বিএনপির যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতারের পর থেকে তিনি কারাবন্দি আছেন। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সরকার উত্খাতের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
