পলাশে বিয়েবাড়িতে চাঁদা দাবি, চার যুবক গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

নরসিংদীর পলাশে এক হিন্দু বিয়েবাড়িতে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মাহামুদুল্লাহর ছেলে মো. সজিব মিয়া, মাসুদ মিয়ার ছেলে ইমন মিয়া, ইয়াসিন মিয়ার ছেলে মাহাফুজ মিয়া ও একই গ্রামের ফারুক উদ্দিনের ছেলে তপু মিয়া।

জানা যায়, গত বুধবার রাতে পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের উপেন্দ্র চন্দ্র পালের ছেলে গনেশ চন্দ্র পালের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এসময় ঐ গ্রামের সজিবের নির্দেশে ইমন, মাহাফুজ ও তপুসহ একদল বখাটে অনুষ্ঠানস্থলে গিয়ে মদ কেনার টাকার জন্য চাঁদা দাবি করে গনেশ পালকে মারধর করে। এরপর বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে পুনরায় বিয়েবাড়িতে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চার বখাটেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল শুক্রবার উপেন্দ্র চন্দ্র বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে পলাশ থানায় মামলা করেন। এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করে  আদালতে পাঠানো হয়েছে।