রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে তিনশ ফিট কুড়িল-পূর্বাচল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আজমিন খান লামী (২৫) ও তার আত্মীয় আমির হোসেন রিয়াজ (২০)। তারা দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন। আমির হোসেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাবার নাম আক্তার হোসেন। আজমিন খান চাকরির পাশাপাশি পাঠাওয়ের চালক ছিলেন। তার বাবার নাম মিজানুর রহমান।
আমিরের ভাই অভি জানান, সকালে তিনশ ফিট সড়কে গিয়েছিলেন দুই জন। সড়কে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানার উপপরিদর্শক সুধাংশু সরকার জানান, ঘটনার পরপরই ঘাতক ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
