যুক্তরাষ্ট্রে চারটি ব্যাটল গ্রাউন্ড স্টেটসের কয়েক লাখ ভোট বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট ট্রাম্পও এই দাবিকে সমর্থন জানিয়েছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন ১৭ রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। তবে ডেমোক্রেটিক পার্টির অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্পের মামলা বাতিলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন। খবর সিএনএনের
টেক্সাস এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে মামলা করেছেন তার খারিজ করে দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ডেমোক্র্যাটরা। তারা বলছেন, বাতিলের দাবি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব যুক্তি তুলে ধরেছেন তা ভুয়া। এর কোনো প্রমাণ নেই। ইতিমধ্যে বিভিন্ন আদালতে রিপাবলিকানদের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। তাই সুপ্রিম কোর্টেরও উচিত এই দাবি প্রত্যাখ্যান করা। সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির কাছে এই আবেদন জানিয়েছেন পেনসিলভেনিয়ার ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল জোশ শ্যাপিরো।
টেক্সাসের নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, তারা নির্বাচনে জালিয়াতি বা কারচুপির কোনো প্রমাণ পাননি। মিশিগানের ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল ডানা ন্যাসেল বলেছেন, ইতিমধ্যে নির্বাচন নিয়ে বহু মামলা করা হয়েছে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকরা হেরেছেন। উইসকনসিনের ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল জোশ কাউল বলেছেন, সেখানে দুইবার গণনা করা হলেও বাইডেনই জয় পেয়েছেন। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যাত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর
দেশটিতে ব্র্যান্ডন বার্নার্ড নামে এক জনকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইন্ডিয়ানা রাজ্যে টেরে হট শহরের কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে শেষ মুহূর্তে করা প্রাণভিক্ষার আবেদন মার্কিন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। মৃত্যুর আগে তিন মিনিট ধরে শান্তভাবে দেওয়া শেষ বার্তায় নিহতদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন বার্নার্ড। ‘আমি দুঃখিত’। আমি এখন যা অনুভব করছি এবং সেদিন যা অনুভব করেছিলাম তা প্রকাশ করতে আমি শুধু এই কয়টি শব্দই বলতে পারি। ১৯৯৯ সালের জুন মাসে টড এবং স্টেসি ব্যাগলি নামে এক দম্পতিকে হত্যায় জড়িত থাকার জন্য ব্র্যান্ডন বার্নার্ডকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
