চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের অধঃস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকরা। একইসঙ্গে আহত বিচারকের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয়। অধঃস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ভার্চুয়াল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় দেশের সব জেলা জজ ও জেলা জজ পর্যায়ের অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ অংশ নিয়ে বিচারকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বিচারকগণ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব পালন করেন। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে বিচারকদের সার্বিক নিরাপত্তার বিধান করা অত্যন্ত জরুরি। সেজন্য দ্রুত বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশের পাশাপাশি চিঠি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সার্ভিস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহাসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
গত ৯ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের আউটার রিংরোডের উলটোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের ওপর হামলা করে দুই ব্যক্তি। পরে স্থানীয়রা আলী আকবর ও হাসান আলী নামে দুই জনকে আটক করে পুলিশে দেয়। ইতিমধ্যে তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে আসামি আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি।
