মসজিদ-মাদ্রাসায় সংবিধানবিরোধী বক্তব্য প্রচার-প্রচারণা ও ফতোয়াবাজি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাসদ। গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাসদের স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে এই দাবিও রয়েছে।
গৃহীত সিদ্ধান্ত সমূহে বলা হয়েছে, ‘ভাস্কর্য-সংবিধানবিরোধী রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক মোল্লা-ফতোয়াবাজ-ধর্ম ব্যবসায়ীদের কোনো ছাড় না দিয়ে, সমঝোতা-আপস-মাঝামাঝি পথ গ্রহণ না করে আইনের আওতায় আনা; মসজিদ-মাদ্রাসায় সংবিধানবিরোধী বক্তব্য প্রচার-প্রচারণা ও ফতোয়াবাজি নিষিদ্ধ করার দাবিতে ১৩ ও ২০ ডিসেম্বর ঢাকাসহ দেশব্যাপী সব জেলা-উপজেলায় সমাবেশ/মানববন্ধন/মিছিল এবং একই রাজনৈতিক বক্তব্য সামনে রেখে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হবে।’ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল ও ওবায়দুর রহমান চুন্নু।
