স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামপন্থিদের বৈঠক হতে পারে কাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০০:৩৫

অবশেষে ভাস্কর্য ইস্যুতে সরকার ইসলামপন্থিদের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বলে জানা গেছে। উভয়পক্ষের সূত্রগুলো জানিয়েছে, আলোচনার প্রক্রিয়ায় আগামীকাল রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামপন্থিদের একটি প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।

ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এখন ইসলামপন্থি কয়েকটি দল এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে, সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে ইসলামপন্থিরা ভাস্কর্যবিরোধী অবস্থানেই অনড় থাকার কথা বলছে। ইসলামপন্থিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠানো হয়েছে। সরকারও তাতে রাজি হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তারা (ইসলামপন্থি দলগুলো এবং হেফাজতে ইসলাম) একটা আবেদন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারা বলেছে যে, ‘আমরা ১০ জন বা ১১ জন ওলামা আপনার সঙ্গে দেখা করব।’ আমরা এখন এটা প্রসেস করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তাতে দেখার সুযোগ হলে দেখা করবে।

ইসলামপন্থি দলগুলো এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার বা বৈঠকের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসানকে। তাদের একটি সূত্র জানিয়েছে, রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের অনানুষ্ঠানিক একটি বৈঠক হতে পারে—এটা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। ইসলামপন্থিদের আলোচনার এই উদ্যোগের সঙ্গে জড়িত এবং ইসলামবিষয়ক সাময়িকী আল জামিয়ার সহকারী সম্পাদক মো. আশরাফ উল্লাহ বলেছেন, ধর্মে ভাস্কর্য নির্মাণ জায়েজ নয়—সেই অবস্থানই তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলে ধরবেন। হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুর রব ইউসুফী বলেছেন, আলোচনায় বসলে একটা উপায় বের হতে পারে।